আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০০

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে সেখানে তিনি যাচ্ছেন না। খালেদা জিয়ার অনুপস্থিতিতে আদালতে মামলার শুনানি চলছে।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে ম্যাডাম (খালেদা জিয়া) বিশ্রামে আছেন।তিনি আদালতে যেতে পারেননি।

রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে বৃহস্পতিবার খালেদার হাজিরা দিন ধার্য ছিল।

গত ৩ আগস্ট খালেদা জিয়ার উপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপপরিচালক হারুন-অর রশিদকে জেরা করা হয়। পরে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য ১০ আগস্ট দিন ধার্য করে আদালত। সেদিনও খালেদা জিয়ার অনুপস্থিতিতে আদালতের বিচারিক কার্যক্রম চলে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।