নীলফামারীর সৈয়দপুরে গোলাপি (১৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার কাশিরামের তেলিপাড়ার একটি খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। যৌতুকের কারণে স্বামী ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী জানায়। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ির চাঁনের কন্যা গোলাপি। ঢাকায় গার্মেন্টে চাকরির সূত্রে ভালোবেসে ৭মাস আগে বিয়ে করেন নয়াপাড়ার আহসান হাবিব ওরফে তুফানকে (২৪)। যৌতুক নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে দুজনে রওয়ানা দেন। পথিমধ্যে তেলিপাড়া এলাকায় স্ত্রী ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যা করে খালে ফেলে রাখেন স্বামী। স্ত্রীকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে গায়ে কাঁদামাটি মেখে চিৎকার করতে থাকেন ঘাতক স্বামী।
খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে ১১টায় গোলাপির লাশ উদ্ধার করে।স্বামী আহসান হাবিবকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকাল ১১টায় নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।
শ্বশুর চাঁন বলেন, 'বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার মেয়েকে নির্যাতন করা হতো। এমনকি বাড়ি আসার দিনও গোলাপির সঙ্গে তার ঝগড়া হয়।' জামাতাই তার মেয়েকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, 'পরিকল্পিতভাবে গোলাপিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় স্বামী আহসান হাবিবকে আটক করা হয়েছে।' তদন্ত ও ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।
