ফখরুল-মওদুদসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ শুনানি ২১ সেপ্টেম্বর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৪৬

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ২১ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।
 
আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান বৃহস্পতিবার নতুন এই দিন ধার্য করেন।
 
বৃহস্পতিবার মামলার আভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন ছিল। ‍বিদেশে চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলাম আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ধার্য করে।
 
২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।