খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলায় সাক্ষ্যগ্রহণ ১০ সেপ্টেম্বর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
 
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালত বৃহস্পতিবার এ দিন ধার্য করে।
 
এদিকে অসুস্থতার কারণে খালেদা জিয়ার অনুপস্থিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্য নেয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দাখিল করা হবে বলে অপর একটি আবেদন দাখিল করা হয়।
 
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে হাজির না হওয়ায় ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেয়।
 
এর আগে ২০১৫ সালের ২৭ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী হারুনুর রশীদের জেরা সমাপ্ত হয়। বাদীর জেরা শেষে আদালতে সাক্ষ্য দেন তৎকালীন তেজগাঁও থানার এসআই মাহফুজুল হক ভূঁইয়া। তিনি মামলাটি ফাইল করেন। এরপর তাকে জেরা করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও আমিনুল হক।
 
জেরা শেষে সোনালী ব্যাংক ফকিরাপুল শাখার সিনিয়র অফিসার ইনসান উদ্দিন আহমেদ ও ক্যাশ অফিসার শাজাহান খান সাক্ষ্য প্রদান করেন।
 
দুর্নীতির এই দু্ই মামলায় ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায়।
 
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।