জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমদের কুলখানি শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলার দুই স্থানে আয়োজন করা হয়েছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর উদ্যোগে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় বিকাল ৪টায় পৃথক এ কূলখানি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে গত বুধবার ঢাকার গুলশানের আজাদ মসজিদে মরহুমের প্রথম কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়।
কাজী জাফর আহমদের একান্ত সহকারী গোলাম মোস্তফা জানান, প্রয়াত কাজী জাফর আহমদের গ্রামের বাড়ি চৌদ্দগ্রামে চিওড়া কাজী বাড়িতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দ্বিতীয় কুলখানি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী খতমে কোরআন ও মিলাদ-মাহফিল, দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে। এতে জাতীয় পার্টি (জাফর) এবং ২০ দলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও তাঁর অনুসারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করবেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর একান্ত সহকারী মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার বিকাল ৪টায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী হাইস্কুল মাঠে প্রয়াত কাজী জাফর আহমদের কুলখানী অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রয়াত কাজী জাফর আহমদের সহধর্মীনি মমতাজ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে আলহাজ্ব মনিরুল হক চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ থাকবেন।
