মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের মাঝেই বেঁচে থাকবেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সাধুরহাট এলাকার বাঙ্গালহাওলা গ্রামের সবুর আশরাফী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মেহের আফরোজ চুমকি বলেছেন, আওয়ামী লীগ সরকার সবসময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। তাই দেশে এতো এতো সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শিক্ষিত হলে দেশ থেকে দারিদ্য এমনিতেই হ্রাস পাবে। আর দারিদ্র্য হ্রাস পেলে দেশ উন্নত হবে। আজকের ছোট ছোট সোনামনিরা একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলার হাল ধরবে। আর এভাবেই বাংলার সকল শ্রেণি পেশার মানুষের মাঝেই বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাদল বেঞ্জামিন রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম নজরুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া।
