স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল ’ল হতো। মানুষ এখন শান্তিতে আছে।’
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে নাসিম বলেন, ‘গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র, তেমনি শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এক সময় বাগমারা ছিল বাংলাভাইয়ের ভূমি। বাংলাভাইয়ের দৌরাত্বে এখানকার নারীরা ঘর থেকে বের হতে ভয় পেতেন। এখন আর বাংলাভাইয়ের দৌরত্ব নেই। কারণ খালেদা জিয়ার জঙ্গিবাদী সরকার ক্ষমতায় নেই। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় মানুষ শান্তিতে আছে। তাই নারীরা সবখানে বের হচ্ছে নির্বিঘ্নে।’
রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশারফ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংসদ এনামুল হক, সাংসদ আখতার জাহান প্রমুখ।
