জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘দেশের ১৬ কোটি মানুষের কাছে ইন্টারনেটসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা পৌঁছে দিতে হবে।’
বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বেসরকারি সংস্থা বেসিস ও গ্রামীণ ফোনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫’ উপলক্ষে স্ট্রিট পেইন্ট অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘শহর থেকে শুরু করে একবারে তৃণমূল পর্যায়ে প্রতিটি মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে হবে। ইন্টারনেট ব্যবহারের সুফল সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে ২০২১ সালের বাংলাদেশকে একটি মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।’
খবর বাসসের।
