পদত্যাগের দাবীতে উত্তাল শাবি: ভিসিকে ৪৮ ঘন্টার আলটিমেটাম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৯:১৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ ও বিচারের দাবিতে চার ঘন্টার প্রতীকী অনশন পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। এদিকে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা পদত্যাগ করতে ভিসিকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে ভিসি স্বেচ্ছায় পদত্যাগ না করলে রবিবার তারা কঠোর কর্মসূচি দিবে বলে ঘোষণা দিয়েছে।
 
বৃহস্পতিবার সকাল নয়টায় শুরু হওয়া ভিসি ভবনের সামনে অনশন দুপুর একটা পর্যন্ত পালন করেন আন্দোলনরত শিক্ষকরা।
 
আন্দোলনরত শিক্ষক নেতা অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, ‘‘আমাদের একটাই দাবি উপাচার্যের অপসারণ। উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে কোনোভাবেই সরে দাঁড়াব না।  তিনি বলেন পরবর্তীতে তার বিচারও করতে হবে। তিনি আরো বলেন, আমি মনে করি সরকার উপাচার্যকে আজকের মধ্যেই সরিয়ে নিবেন। তা না হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। ৩০ অগাস্ট আন্দোলনকারী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ওই দিনের হামলার মূল হোতার পাশাপাশি যারা জড়িত সবার বিচার দাবি করছি। একই সাথে বিচার বিভাগীয় তদন্তের দাবিও করেন তিনি।’’
 
বেলা একটার পর অনশন শেষে রবিবার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম। পরে আন্দোলনকারী শিক্ষকদের শরবত পান করিয়ে অনশন ভাঙেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস। ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও উপাচার্য অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো এ কর্মসূচি শেষে কর্মবিরতির ঘোষণা দিয়ে অধ্যাপক সামসুল বলেন, ‘উপাচার্য যতদিন পর্যন্ত না যাবেন আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
 
অনশনে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ সামসুল আলম, অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক আব্দুল গণি ও অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।