চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য দিনাজপুর থেকে বেড়াতে আসা এক যুবতীকে নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের মসজিদ্দা গ্রামের মো. শাহ আলম (৫৫) বিজিবিতে চাকরির সুবাদে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার কাটবাড়ীয়া গ্রামের মো. হনিফের পরিবাররের সঙ্গে পরিচিত হন। এ সুবাদে শাহ আলম তাদের বাড়িতে আসা যাওয়া করতেন। সেখানে শাহ আলম কর্মরত থাকা অবস্থায় মো. হানিফ পরিবার পরিজন নিয়ে কুমিরা বেড়াতে আসতেন। অতি সম্প্রতি শাহ আলম বিজিবি থেকে অবসর নেয়ার পর তার নিজ বাড়ি কুমিরাতে চলে আসার কয়েকদিন পর মো. হানিফের মেয়ে মোছাম্মৎ ফারজানা (২৮) কুমিরায় বেড়াতে আসে। শাহ আলম তাকে বেড়ানোর নাম করে পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে যায় এবং এরপর গত দুই সপ্তাহ ধরে আর বাড়ি ফিরে আসেনি।
এদিকে মেয়ের বাবা মো. হানিফ ও ভাই মো. সুন্দর মিয়া দিনাজপুর থেকে সীতাকুণ্ডের কুমিরায় এসে চট্টগ্রামের বায়েজিদ, বাকলিয়া, হালিশহর, সীতাকুণ্ড থানা এলাকা খোঁজাখুঁজি করে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেন। এখন পর্যন্ত শাহ আলম ও মেয়ে ফারজানার সন্ধান তারা পাননি।
অপরদিকে শাহ আলমের স্ত্রী রহিমা বেগম জানান, তিনিও তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন। তার স্বামী এক বাসায় কয়েকদিনের বেশি অবস্থান করেন না।
