স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত তিন মানবপাচারকারীকে গ্রেফতার করেছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ভোরে টেকনাফের সাবরাং কাটাবনিয়া ও রাতে উখিয়ার সোনার পাড়ায় পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আবুল কালাম (৩৫) ও মোহাম্মদ জামাল (৩৩) এবং উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার আব্দুল মাজেদ (৩৫)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, কালাম ও জামাল তালিকাভুক্ত শীর্ষ মানবপাচারকারী। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় ১২টি মামলা রয়েছে। এদেরকে আদালতে পাঠানো হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, মাজেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
