বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম নষ্ট করার অভিযোগ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘তিনি (খালেদা) দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছেন। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়েছে।’
শুক্রবার ভোলার ইলিশায় নদী ভাঙন এলাকা পরির্দশন ও ভাঙনের শিকার পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন তিনি।
অতীতের সব আমলের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলা হবে বাংলাদেশের মধ্যে সেরা শিল্প অঞ্চল। এ অঞ্চলের প্রধান সমস্যা নদী ভাঙন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নদী ভাঙন রোধেও কাজ শুরু হয়েছে।
এ সময় তিনি বিএনপি আমলের পানিসম্পদ মন্ত্রী মেজর হাফিজের সমালোচনা করে বলেন, তিনি নদী ভাঙন রোধে কাজ করেন নি। ওই সময় ৮৪ কোটি টাকা বরাদ্দ এনে বিএনপি নেতাকর্মীরা লুঠপাট করেছেন। এমনকি ভাঙন এলাকা দেখতেও আসেন নি বিএনপি’র মন্ত্রী এমপি’রা। আর এ কারণেই ভাঙন রোধ করা এখন কঠিন হয়ে পড়েছে। এরপরও এখন স্থায়ীভাবে ভাঙন রোধে জিও টিউব ও ব্লক ফেলা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে তোফায়েল আহমেদ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৭ শ’ পরিবারের মধ্যে ৩০ লাখ টাকা বিতরণ করেন। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান, ভোলার পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশসুপার মোহাঃ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ ইউনুছসহ স্থানীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।
