‘২ সপ্তাহের মধ্যে ফেরত আনা হচ্ছে কামরুলকে’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৩৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতি দিয়েছে সৌদি রয়্যাল কোর্ট।

শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 'ইউনাইটেড নেশনস-২০১৫' এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের জাতিসংঘ যুব ও ছাত্র অ্যাসোসিয়েশন (ইউএনওয়াইএসএবি) অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি রয়্যাল কোর্ট ইন্টারপোলকে এ বিষয়ে চিঠিও দিয়েছে। কাগজপত্রের বাকি কাজ সারতে দুই সপ্তাহের বেশি লাগবে না।


উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলে এ নিয়ে তোলপাড় হয় সারাদেশ। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার গত ১৬ অগাস্ট কামরুলসহ ১৩ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন। হত্যাকাণ্ডের পর পালিয়ে সৌদি আরবে চলে যান প্রবাসী কামরুল। পরে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় জেদ্দায় তাকে আটক করা হয়।