বিশিষ্ট ভাষা সংগ্রামী এবং চিকিৎসক ডা: এম মহিউদ্দিন খান আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের জুবলী বাগান লেনের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৩ কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. এম মহিউদ্দিন খান ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাজের ছাত্র ছিলেন। তিনি ছাত্র অবস্থায় ভাষা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন। এ কারণে তাকে গ্রেফতার করা হয় ও পরে ছেড়ে দেয়া হয়। তিনি সিরাজগঞ্জে চিকিৎসক হিসেবে পেশা জীবন শুরু করেন এবং জনসেবায় নিয়োজিত ছিলেন।
বাদ জুম্মা সিরাজগঞ্জ শহরে খান সাহেবের ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শহরের বিপুল সংখ্যক বাসিন্দা অংশগ্রহণ করেন। তাকে শহরের রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়।
তার কুলখানি শনিবার সিরাজগঞ্জ শহরে জুবলী বাগান লেনস্থ বাসভবনে অনুষ্ঠিত হবে। তার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীদের কুলখানীতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
বাসস
