পোল্যান্ডকে হারিয়ে ডি গ্রুপের শীর্ষে জার্মানি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১০:১৫
মারিও গোটজের জোড়া গোলে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। ইউরোপিয়ান বাছাই পর্বের এই জয়ে পোলিশদের হটিয়ে ডি গ্রুপের শীর্ষস্থান দখল করলো জার্মানরা। 
 
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জন্য এবারের ইউরো কোয়ালিফাইয়ারটা খুব একটা ভালো যাচ্ছিলো না। পোল্যান্ড তাদের গ্রুপে এক নম্বরে থাকায় জার্মানির জন্য সেটা অস্বস্তির কারণ হয়ে দাড়াচ্ছিল। কিন্তু গতকাল শুক্রবার রাতে পোল্যান্ডকে হারিয়ে সেই অস্বস্তি দূর করেছে। ম্যাচের ২০মিনিটের মধ্যেই টমাস মুলার ও মারিও গোটজের দুই গোলে এগিয়ে যায় জার্মানি।
 
 
প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে বায়ার্ন মিউনিখে গোটজে ও মুলারের সতীর্থ রবার্ট লেফানডফস্কি পোল্যান্ডকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে পোল্যান্ডকে প্রায় সমতা এনে দিয়েছিলেন কিন্তু ভাগ্য সহায় হয়নি। অবশ্য ভাগ্য জার্মানির উপর যদি সদয় হতো ব্যবধানটা আরো বড় হতে পারতো। গোটজের একটি শট বারে লেগে ফিরে আসে আর ম্যাটস হামেলসের শট দারুণ ভাবে ডাইভ করে ফিরিয়ে দেন পোলিশ গোলরক্ষক লুকাস ফ্যাবিয়ান্সকি।
 
ম্যাচের ৮২ মিনিটে মুলারেরও একটি শট দারুণ ভাবে ফিরিয়ে দেন তিনি , কিন্তু ফিরতি শটেই নিজের দ্বিতীয় গোলটি করেন গোটজে।  উল্লেখ্য, এবারের বাছাই পর্বে পোল্যান্ডের এটি প্রথম পরাজয়।
 
এই ম্যাচে জয়ী জার্মানির বলের দখল ছিল প্রায় ৭৩ শতাংশ, কিন্তু প্রতি আক্রমণে দারুণ খেলেছে পোল্যান্ড। পোল্যান্ডের গোলপোস্টে জার্মানির শট ছিল নয়টি, সেখানে মাত্র ২৮ শতাংশ বলের দখল রেখে আটটি শট নিয়েছে পোল্যান্ড।