বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপে দেখা গেছে, তত্ত্বাবধায়ক সরকার ও দ্রুত নির্বাচনের পক্ষে রায় এসেছে। আবার সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলেও বলা হয়েছে। এটা সাংঘর্ষিক।
শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির এই মুখপাত্র এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বলতে চাই, যদি মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়, তাহলে যে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে তার জনপ্রিয়তা বাড়ে কিভাবে? একই সঙ্গে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে জরিপে উঠে এসেছে। তার মানে আগের নির্বাচন সঠিক হয়নি। সুতরাং তাদের জরিপ সাংঘর্ষিক।
দ্রুত একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সরকারকে তাদের জনপ্রিয়তার পরীক্ষা দেয়ারও আহ্বান জানান তিনি।
মার্কিন ওই গবেষণা প্রতিষ্ঠানের জরিপ দেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে রিপন বলেন, যে সরকারের সময়ে দেশে আইনের শাসন নেই। প্রতিদিনিই খুন, গুম, নারী নির্যাতন, শিক্ষক লাঞ্ছনার মতো ঘটনা ঘটছে। সেই পরিস্থিতিতে সরকারের জনপ্রিয়তা বাড়ে কিভাবে তা বোধগম্য নয়।
তিনি বলেন, সরকারের জনপ্রিয়তা প্রমাণের মানদণ্ড হচ্ছে অবাধ নির্বাচন। আশা করি তারা ছিনিয়ে নেয়া ভোটাধিকার ফিরিয়ে দেবেন। এর মাধ্যমে প্রমাণ করবেন জনপ্রিয়তা আছে কিনা। জনপ্রিয়তা বাড়লে অবাধ নির্বাচন দিতে ভয় কিসের।
জরিপের ফলাফলে বিএনপিতে কোনো প্রভাব পড়বে কিনা-এমন প্রশ্নের জবাবে রিপন বলেন, এই জরিপ নিয়ে শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মনেও প্রশ্ন থাকবে। সুতরাং এতে কোনোই প্রভাব পড়বে না এবং নেতাকর্মীরা হতাশ হবে না।
