ক্যারিবীয়দের টেস্ট অধিনায়ক হলেন হোল্ডার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪৫
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন অল রাউন্ডার জেসন হোল্ডার। এই দায়িত্বে উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ রামদিনের স্থলাভিষিক্ত হলেন হোল্ডার। আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের মাধ্যমে হোল্ডার তার মেয়াদ শুরু করবেন।
 
গত বছর টেস্টে অভিষেক হওয়া হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের হয়ে আটটি টেস্ট খেলেছেন। গত বছরের ডিসেম্বর থেকে হোল্ডার ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন।
 
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমানের পরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করে পাঁচদিনের ক্রিকেটেও নিজেকে আলাদাভাবে পরিচয় করে দিয়েছেন হোল্ডার। এই সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ড্র করে। তৃতীয় টেস্টে মাত্র ১৫ রানে ৩ উইকেট সংগ্রহ করে সিরিজে ক্যারিবীয়দের সমতা আনতে সহযোগিতা করেন।
 
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) জানিয়েছে বোর্ড পরিচালকদের সর্বসম্মত সিদ্ধান্তেই হোল্ডারকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ সম্পর্কে নির্বাচক প্রধান ক্লাইভ লয়েড বলেছেন, তরুন বয়সেই সে নিজেকে এমনভাবে প্রমান করেছে যাতে তার ওপর ভরসা রাখা যায়। দলকে সামনে থেকে নেতৃত্ব দেবার সব ধরনের গুন তার মধ্যে রয়েছে। আমরা মনে করেছি গুরুত্বপূর্ণ এই পদে এখনই পরিবর্তন প্রয়োজন। বিশেষ করে বিশ্বকাপে ওয়ানডে অধিনায়ক হিসেবে তার দক্ষতা সকলের নজড়ে পড়েছে। তাকে ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগের সময় অনেকের মধ্যে মতবিরোধ ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং বিশ্বকাপে সে সবাইকে ভুল প্রমান করেছে। আমরা তার কাছ থেকে আরো নতুন চিন্তাভাবনা আশা করছি।
 
 
রামদিনের অধীনে ওয়েস্ট ইন্ডিজ ১৩টি টেস্টের মধ্যে চারটিতে জয় ও দুটিতে ড্র করেছে। এখন পর্যন্ত ক্যারিয়ারে ৬৯টি টেস্ট খেলেছেন রামদিন। বর্তমানে ব্যাট হাতে পারফরমেন্সের খারাপ সময় কাটিয়ে উঠতেই রামদিনের সাথে আলোচনা করে তার উপর থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে বলে লয়েড জানিয়েছেন।
 
 
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সফরে হোল্ডারের সহকারী হিসেবে রাখা হয়েছে ক্রেইগ ব্রাথওয়েইটকে। এছাড়া নবাগত হিসেবে দলে ডাকা হয়েছে জোমেল ওয়ারিকান এবং কার্লোস ব্রাথওয়েইটকে। গল এবং কলম্বোতে অনুষ্ঠিতব্য দুই টেস্টকে সামনে রেখে অক্টোবরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলংকায় পৌঁছাবে। এরপরপরই তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
 
 
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েইট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেই ব্ল্যাকউড, কার্লোস ব্রাথওয়েইট, ড্যারেন ব্র্যাভো, রাজিন্দ্র চান্দ্রিকা, শেন ডরউইচ, শ্যানন গ্যাবিয়েল, শাই হোপ, দিনেশ রামদিন, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, জেরম টেইলর, জোমেল ওয়ারিকান।