বাল্যবিয়ের আয়োজনে ৩ জনের কারাদণ্ড

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪৯
লালমনিরহাটে আদিতমারীতে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবাসহ তিনজনকে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জহুরুল ইসলাম। শুক্রবার রাতে পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে এ ঘটনা ঘটে ।
 
দণ্ড প্রাপ্তরা হলেন- মেয়ের বাবা আব্দুর রহমান (৪৬), মেয়ের খালু আব্দুল জলিল (৩০) ও বর পক্ষের আলী হোসেন (১৯)। 
 
জানা গেছে, উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামের আব্দুর রহমানের মেয়ে আমিনা বেগমের (১৫) সঙ্গে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দইখাওয়ার চড় গ্রামের আশরাফ আলীর শুক্রবার রাতে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে যান ইউএনও জহুরুল ইসলামসহ একদল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বর আশরাফ আলীসহ অন্যান্যরা পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবা, মেয়ের খালু ও বরের আত্মীয়কে বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯-এর ধারায় এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।