‘ইরানের পরমাণু চুক্তি উপসাগরীয় দেশগুলোকে বিপদে ফেলবে না’

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৭:১১
 
ইরানের সঙ্গে পরমাণু চুক্তির ব্যাপারে সৌদি আরবকে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি বাদশাহ সালমানকে এ ব্যাপারে আশ্বস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের সাথে পরমানু চুক্তির ফলে উপসাগরের দেশগুলোর বিপদের কোন অশঙ্কা নেই—ওবামা এই নিশ্চয়তা দেয়ার পর তাকে ধন্যবাদ জানিয়েছে সৌদি আরব। খবর আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।
 
সৌদি বাদশাহ সালমান যুক্তরাষ্ট্র সফর করছেন। গত জানুয়ারিতে সিংহাসনে বসার পর এটাই বাদশাহ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এর আগে ক্যাম্প ডেভিডে উপসাগরীয় দেশগুলোর এক সন্মেলনে অংশ নেননি সৌদি বাদশাহ।
 
যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, ‘ইউরোপে ও অন্যান্য জায়গায় গত দুই মাস ধরে মিত্রদের সঙ্গে আলোচনার পর ওবামার এ ধরনের নিশ্চয়তায় আশ্বস্ত হয়েছে সৌদি আরব।’