বিরলে জন্মাষ্টমী উৎসবে

মানবতাই পরম ধর্ম : খালিদ মাহমুদ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ২১:১০


আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মানবতাই হচ্ছে পরম ধর্ম। ধর্ম মানুষকে একটা শৃঙ্খলার মধ্যে রাখে। ধর্ম রাজনীতি করার জন্য নয়। আওয়ামী লীগ ধর্মে শ্রদ্ধাশীল। কিন্তু ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী নয়।

শনিবার দিনাজপুর বিরলের আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া গ্রামে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মানুষ ধর্ম পালন করে ভাল হওয়ার জন্য। ধর্ম মানুষকে ভালবাসতে শেখায়, অন্যের বিপদে এগিয়ে আসতে শেখায়। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সবার ধর্ম পালনে সমান বিশ্বাসী। যার যার ধর্ম সে স্বাধীন ভাবে পালন করবে।

অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতি রমা কান্ত রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিরল উপজেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, আজিমপুর ইউপি চেয়ারম্যান নাজমুল হায়দার স্বপন প্রমুখ।