কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ২১:১৭
 
দুটি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ধরলা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
জেলার নয়টি উপজেলার ৬০টি ইউনিয়নের তিন শতাধিক গ্রামের আড়াই লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে আরো নতুন নতুন এলাকা। এলাকাবাসী জানায়, জেলার দুই শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় নিমজ্জিত হওয়ায় পাঠদান প্রায় বন্ধ হয়ে গেছে।
 
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, যাত্রাপুর, সাহেবের আলগা, নুনখাওয়া ও রৌমারী ও চিলমারীসহ কয়েকটি এলাকায় বেশকিছু ঘরবাড়ি ভেসে গেছে। গ্রামীণ সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। ভেঙে গেছে অনেক গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক।