চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন খাসের হাট মোড়ে অভিযান চালিয়ে শনিবার রাত পৌনে ৯ টার দিকে সুটার গানসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটক যুবকের নাম শামীম রেজা (২৩)। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ নয়াটোলার উজির আহম্মেদের ছেলে।
র্যাব- ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সফিকুল ইসলাম জানান, শনিবার রাতে পনে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বিনোদপুর ইউনিয়নের খাসের হাট মোড়ে অভিযান চালায়। এই সময় এক রাউন্ড গুলি ও একটি সুটারগানসহ শামীম রেজাকে আটক করে র্যাব সদস্যরা।
তার কাছে একটি সৌদি রিয়েলও পাওয়া যায় বলে জানান এই র্যাব কর্মকর্তা। তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শামীম দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
