বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাধারণ জনগণের সম্পৃক্ততা, সচেতনতা এবং গঠনমূলক সমালোচনা পারে একজন রাজনীতিবিদের কাজকে ত্বরান্বিত করতে। সাধারণ জনগণ ও রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক যত গভীর ও চমৎকার হবে ততই দেশের জন্য তা মঙ্গলকর। এক্ষেত্রে দক্ষিণ এশীয় দেশগুলোতে বিদ্যমান সাধারণ সমস্যাগুলো চিহ্নিতকরণ ও এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজের ভূমিকা অপরিসীম।
রবিবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিনদিনব্যাপী জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে সমাপনী বক্তা হিসেবে ড. হাছান মাহমুদ এ বক্তব্য
রাখেন। উল্লেখ্য শুক্রবার শুরু হওয়া তিনদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধক হিসেবেও বক্তব্য রাখেন হাছান মাহমুদ।
ভারতের প্রখ্যাত সাংবাদিক ওম থানভীর সঞ্চালনায় সমাপনী পর্বে আরো বক্তব্য রাখেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাদব কুমার, সাবেক জ্বালানীমন্ত্রী ড. প্রকাশ সরণ। ভারতের সৌম্য দত্ত ও অজয় ঝা, শ্রীলংকার হেমন্ত থারাঙ্গা এবং বাংলাদেশের রেজাউল করিম নিজ নিজ দেশের পক্ষে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন।
