থাইল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত মাদুরাপোচানা ইতারং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সাথে সাক্ষাত করেছেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাই রাষ্ট্রদূত এই সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে অনিয়মিত অভিবাসন নিয়ে গত ২৯ মে ব্যাংককে বিশেষ বৈঠক আয়োজন করায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে থাই সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বিশ্বের অন্যতম ওষুধ রফতানিকারক হিসেবে দু দেশের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধি পাঠানোর প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে বিদায়ী রাষ্ট্রদূতের ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী তার সুস্বাস্থ্য ও দেশে ফিরে কর্মস্থলে যোগ দেয়ার জন্য শুভকামনা জানান।
থাই রাষ্ট্রদূত মাদুরাপোচানা ইতারং বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে তার দেশের বিনিয়োগকারীদের আগ্রহের কথা জানান। ঢাকায় তার তিন বছর থাকাকালে বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান থাই রাষ্ট্রদূত।- প্রেস বিজ্ঞপ্তি
