বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে অস্ত্র গুলি ও মাদকসহ জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইনছান আলীকে (৩৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হওয়া ইনছান আলী শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রাণীর হাট জোড়া মণ্ডলপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে এবং শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
সোমবার ভোর রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তার বাড়িতে এই অভিযান চালায় ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইনছানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার শোবার ঘর থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি, ১০টি চাপাতি (দেশীয় ধারালো অস্ত্র) , ১০০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ইনছান আলী জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন। তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রসহ এলাকাবাসী জানায়, বগুড়ার অন্যতম শীর্ষ দুই সন্ত্রাসী শাহিন ও মজনু খুন হওয়ার পর ইনছান আলী শাজাহানপুরের ফুলতলা, শাকপালা ও রাণীর হাট এলাকায় মাদক ব্যবসা , অস্ত্র কেনা বেচাসহ চাঁদাবাজী নিয়ন্ত্রণ শুরু করে। জায়গা-জমি কেনা বেচা, বাড়ি ঘর নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন ইনছান ও তার সহযোগীরা।
