সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেওয়া হয়েছে। কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে। তার চিকিৎসায় গঠিত পাঁচসদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহর বরাত দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ দুপুরে হোটেল লবিতে উপস্থিত সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, 'ওবায়দুল কাদেরের কিডনি আগের তুলনায় অনেক ভাল অবস্থায় রয়েছে। ঘুমের ঔষধের পরিমানও কমিয়ে আনা হয়েছে। তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং জনাব কাদেরের শারীরিক অবস্থার অগ্রগতি হয়েছে'।
দুপুরে তৃতীয় দিনের ডা. ফিলিপ কোহ আওয়ামী লীগের এই নেতার চিকিৎসার অগ্রগতি নিয়ে ব্রিফ করেন। ব্রিফিং এ উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. আবু নাসার রিজভী। পরে ডা. রিজভী হাসপাতালের লবিতে চিকিৎসার অগ্রগতির বিষয়ে সকলকে অবহিত করেন। শুক্রবার স্থানীয় সময় বিকাল চারটায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার অগ্রগতি নিয়ে ডা. ফিলিপ পরবর্তী ব্রিফ করবেন বলে এ সময় জানানো হয়।
আরও পড়ুন: ঢাকা জর্জ কোর্টের লিফট ছিঁড়ে আহত ১০
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী, সংসদ সদস্য মনির, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।
ইত্তেফাক/জেডএইচডি

