সদ্য বিলুপ্ত পঞ্চগড়ে ৩৬টি ছিটমহল থেকে ভারতে যেতে ইচ্ছুক আবেদনকারীদের ভারতীয় পরিচয়পত্র ও ভিসা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্বরে অস্থায়ী ক্যাম্পে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন আনুষ্ঠানিকভাবে আবেদনকারীদের হাতে পরিচয়পত্র তুলে দেন।
বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন জানান, ছিটমহলবাসীদের সকল সমস্যা সমাধান করা হয়েছে। যারা ভারতে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের ভারতীয় পরিচয়পত্র দেয়া শুরু হয়েছে আজ। তিনি বলেন, ভারতীয় সরকার তাদের জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করেছে। আমার বিশ্বাস আপনারা ভারতে গিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবেন।
এ সময় ভারতীয় সহকারি হাই কমিশনার সন্দিপ মিত্র, পঞ্চগড় জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম আজম,দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও ছিটমহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, জেলার ৩৬ টি ছিটমহল থেকে ৪৮৭ জন নাগরিক ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলা থেকে ৪ জন, বোদা উপজেলা থেকে ৫২ জন ও দেবীগঞ্জ উপজেলা থেকে ৪৩১ জন। নাজিরগঞ্জ ছিটমহলের অধিবাসী জয় প্রকাশ বাসসকে জানান, ভারতীয় পরিচয়পত্র পেয়ে তাদের আশা পূরণ হয়েছে।
বাসস
