শুধুমাত্র রাজনৈতিক অভিবাসীরা আশ্রয় পাবে : জার্মান দূত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১৮:১৫


ঢাকায় নিযুক্ত জার্মানের রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ বলেছেন, তার দেশ মানবিক কারণে শুধুমাত্র রাজনৈতিক আশ্রয় প্রার্থীদেরকে স্বাগত জানাবে। তবে কোন অবৈধ অভিবাসীকে আশ্রয় দেবে না। রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য প্রণীত নীতি অবৈধ অভিবাসীদের জন্য প্রযোজ্য হবে না।

জার্মান রাষ্ট্রদূত থমাস আজ সোমবার এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক আশ্রয় প্রার্থী এবং অবৈধ আশ্রয় প্রার্থীর ক্ষেত্রে আমাদের নীতির ভিন্নতা রয়েছে। জার্মানীতে শুধুমাত্র রাজনৈতিক আশ্রয় প্রার্থীদেরকে স্বাগত জানানো হবে। কোন অবৈধ অভিবাসী জার্মানীতে থাকতে পারবে না।

তিনি বলেন, সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় এই উদ্বাস্তু সংকট মোকাবেলায় ইউরোপিয় ইউনিয়নে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে উদ্বাস্তুদেরকে আশ্রয় দিয়ে এই সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জার্মানি ধারণা করছে রাজনৈতিক আশ্রয় প্রার্থী অভিবাসীর সংখ্যা হবে আট লাখ। এতো অধিক সংখ্যক অভিবাসী স্থানীয় জনগণ, সরকারের বাজেট এবং দেশটির নাগরিকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।


জার্মান রাষ্ট্রদূত বলেন, গত এক বছরে জার্মানীতে বিপুলসংখ্যক অভিবাসীকে আশ্রয় দেয়া হয়েছে। তার দেশ এখন পর্যন্ত রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত রেখেছে। তবে কেবল মাত্র মানবিক কারণে বিশ্বের গোলযোগপূর্ণ দেশের মানুষ এই সুবিধা পাবে।

বাসস