বরগুনার আমতলী উপজেলায় ফরিদ (৩৩) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকাও লুট করে নেয় তারা। সোমবার রাতে উপজেলার পূজা খোলা গ্রামে এই ঘটনা ঘটে।
সোমবার রাতে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার বানাতি গরুর হাট থেকে ফেরার পথে নিরাশের বিল নামক এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদ আমতলী উপজেলার আবু হাওলাদারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফরিদ ও তার মামা মুছা শরীফ বানাতি গরুর বাজারে গরু কিনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় ফরিদের মামা কোনো মতে পালিয়ে এসে খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ফরিদের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ‘রাতেই মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
