কলকাতার সিনেমায় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের সবচেয়ে বড় পরিচয় তিনি রঞ্জিত মল্লিকের মেয়ে। নিজের অভিনয় ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে নিজের একটি লেখায় তিনি বলেছেন তিনি নিশ্চিত ছিলেন যে সংকটে পড়লে তার বাবা তাকে উদ্ধার করবেন।
বাবাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষক ও পরিত্রান কর্তা উল্লেখ করে তিনি বলেন, চিরকাল আমি বাবা মার আদরে কাটিয়েছি। এই জন্যে সিনেমার পৃথিবীতে এসে ধাক্কা খেয়েছিলাম। বাবা তখন কড়া কোচের মতো জলে ঠেলে দিয়ে দেখতেন আমি কতটা সাঁতার কাটছি, জল খেয়েছি, ডুবেছি, আবার উঠেছি। তবে আমি জানতাম বাবা আছেন, ডুবলে ঠিক বাঁচাবেন।
তবে পেশাদারি জীবনে একনিষ্ঠ অভিনেতা রঞ্জিত কখনো কোনো পরিচালকের ক্ষতি করিয়ে দিয়ে কন্যাকে কাজ দিতে চাননি। নিজের প্রথম সিনেমার কাজের কথা স্মরণ করে তিনি বলেন, আমার প্রথম সিনেমা সমরেশ বসুর ‘নাটের গুরু’র শ্যুটিংয়ের প্রথম দিন। বাবা পরিচালক হরনাথ চক্রবর্তীকে ডেকে বলেছিলেন, ‘‘যদি মনে করেন ও পারছে না, ওকে বাদ দিয়ে নতুনকে নিতে সংকোচ করবেন না।’’ এবিপি অনলাইন
