শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, অবাধ নির্বাচন হলে শতকরা ৭২ ভাগ ভোট বিএনপির বাক্সে পড়বে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস’ ও তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমাজউদ্দীন আহমেদ বলেন, বিএনপির দুর্বল হওয়ার কোনো কারণ নেই। দল পুনর্গঠন করারও দরকার নেই, শুধু একটু ঢেলে সাজাতে হবে।
তিনি বলেন, একদিকে মন্ত্রীরা বলছেন আমরা গণতন্ত্রের চেয়ে অর্থনীতিকে গুরুত্ব দিয়েছি। অথচ দেশের অর্থনৈতিক অবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একজন অর্থনীতিবিদকে প্রশ্ন করলে তিনিই ভাল উত্তর দিতে পারবেন।
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, যখন বিশ্ববাজারে এগুলোর দাম কমছে ঠিক সেই মুহূর্তে অযৌক্তিকভাবে বাংলাদেশে নাম বৃদ্ধি করা হয়েছে। এমন ঘটনা যদি ইংল্যান্ডে ঘটত তাহলে পরের দিনই সেই সরকার ক্ষমতায় থাকতে পারত না।
বর্তমান সরকারের সকল ক্ষেত্রে দুর্নীতি বাসা বেঁধেছে দাবি করে তিনি বলেন, সরকারি ব্যাংক থেকে শুরু করে এমন কোন ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি বাসা বাঁধেনি।
