'শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ভ্যাট কেন অবৈধ নয়'

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫১
বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ভ্যাট আরোপ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
 
মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে এন দেব চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম সালাউদ্দিন খান।
 
চলতি মাসের ২ সেপ্টেম্বর রিট আবেদনটি দায়ের করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ইমরান এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী মেহেদি হাসান খান।
 
চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষা সচিব, এনবিআর চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
রিট আবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর করারোপ করা হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর করারোপ করা হয়নি। এটা বৈষম্যমূলক।
 
এর আগে গত ৯ ও ২৪ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ এ বিষয়ে আরো দুইটি রুল জারি করেছিলেন।