আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য শ্রীলংকার অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেরম জয়ারত্নে। গত সপ্তাহে প্রধান কোচের দায়িত্ব থেকে মারভান আতাপাত্তু সড়ে দাঁড়ানোর পরে পদটি শুণ্য ছিল।
শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) এক বিবৃতিতে বলা হয়েছে ৪৯ বছর বয়সী জয়ারত্নে আগামী অক্টোবর/নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের শ্রীলংকা সফরের সময় জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ১ অক্টোবর থেকে ক্যারিবীয়রা সফর শুরু করবে। ১ নভেম্বর সিরিজ শেষ হবার আগে এই সফরে দুই দলের মধ্যে দুটি টেস্ট, তিন ওয়ানডে এবং দুটি টি টোয়েন্টি ম্যাচ হবার কথা রয়েছে।
গত সোমবার কলম্বোতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হয় ভারত। সর্বশেষ ১৯৯৩ সালে মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ জয় করেছিল ভারতীয় দল। টেস্ট সিরিজের পরপরই আতাপাত্তু প্রধান কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান। গত পাঁচ বছরে সপ্তম কোচ হিসেবে আতাপাত্তু লংকানদের দায়িত্বে ছিলেন। চলতি মাসের শেষে তার সাথে এসএলসির চুক্তি শেষ হবার কথা ছিল।
গত সেপ্টেম্বরে ইংলিশম্যান পল ফারব্রাসের স্থলাভিষিক্ত হয়েছিলেন আতাপাত্তু। ২০১০ সালের পরে শ্রীলংকার প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ট্রেভর বেলিস, স্টুয়ার্ট ল, রুমেশ রত্নানায়েকে, জিওফ মার্শ, গ্র্যাহাম ফোর্ড। ক্যারিয়ারে টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলেও গত সাত বছর ধরে এসএলসির কোচিং বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন জয়ারত্নে। বাসস
