জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে বিস্ফোরক আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুত্ফর রহমান শিশির এই আদেশ দেন।
তাদের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অন্য আসামিরা হলেন- জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা হারুনুর রশীদ (৭৩), কাফরুল থানা জামায়াতের সভাপতি মো. তসলিম (৫০), জাহাঙ্গীর আলম (২৬), আবুল কালাম আজাদ (৭১), মো. মনসুর রহমান (৭১), জাকির হোসাইন (৫৯), এবিএম নুরুল্লাহ ওরফে মোহাম্মদউল্লাহ (৫৯), আবুল হাশেম (৫০), মো. সাব্বির (২২), মজিবর রহমান ভূইয়া (৪০) ও আশরাফুল আলম ইকবাল (২৭)।
রিমান্ড আবেদনে বলা হয়, সোমবার পল্লবীর একটি বাসা থেকে আসামিদের গ্রেফতারের সময় তাদের কাছে বিস্ফোরক পাওয়া যায়। তারা কোরবানির ঈদের আগে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা কষতে বৈঠক করছিলেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য পাওয়া যাবে।
অন্যদিকে বিরোধিতা করে আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন আব্দুর রাজ্জাক, এসএম কামাল উদ্দিনসহ কয়েকজন আইনজীবী।
