মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের পদ বাতিল করায় বিএনপির নিন্দা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৭:২২
 
রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাংলাদেশ ব্যাংক মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের পরিচালকের পদ বাতিল করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।
 
আসাদুজ্জামান রিপন বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ নিয়েছে। এটি একটি বাজে নজির। বিএনপি এর নিন্দা জানাচ্ছে।’
 
বাংলাদেশ ব্যাংকের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কাজ হলো আর্থিক খাতের তদারকি ও শৃঙ্খলা রক্ষা করা। গত ছয় বছরে তারা এ কাজে পুরোপুরি ব্যর্থ হয়েছে।’ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করে সরকার বাজে নজির স্থাপন করেছে বলে অভিযোগ করেন দলটির আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
 
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবদুল হাই, সহ-শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
 

খবর ফোকাস বাংলার।