আন্দোলনে যাচ্ছেন সরকারি কলেজের শিক্ষকরাও

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৩৫
 
মন্ত্রিসভায় অনুমোদিত অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড বাদ দেয়ার প্রতিবাদে এবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। প্রাথমিক কর্মসূচি হিসেবে আগামী বৃহস্পতিবার দেশের সবগুলো সরকারি কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষা দফতরে কর্মবিরতি পালন করবেন তারা।
 
মঙ্গলবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, ‘বর্তমানে কলেজের অধ্যাপকরা (সর্বোচ্চ পদ) চতুর্থ গ্রেডের কর্মকর্তা। সিলেকশন গ্রেড থাকায় এতদিন আংশিক অধ্যাপক গ্রেড ৩-এ যেতে পারতেন। কিন্তু সিলেকশন গ্রেড বাদ দেয়ায় এখন এই পথ বন্ধ হয়ে গেল।’
 
সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘বর্তমানে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা গ্রেড-৫ থেকে পদোন্নতি পেয়ে সরাসরি গ্রেড -৩ এ উন্নীত হন। অথচ শিক্ষকদের বেলায় গ্রেড- ৫ থেকে পদোন্নতি হওয়ার পর গ্রেড -৪ এ উন্নীত করা হয়। এই বৈষম্য নিরসনেরও দাবি করে আসছেন তারা। কিন্তু সেটা নিরসন না করে উল্টো সিলেকশন গ্রেড বাতিল করায় শিক্ষকেরা আরও বৈষম্যের শিকার হবেন।’
 
উল্লেখ্য, এই সিলেকশন গ্রেড বহাল রাখাসহ কয়েকটি দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে আসছেন। আজকেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। সোমবার মন্ত্রিসভায় নতুন বেতন স্কেল অনুমোদন করা হয়।

খবর ফোকাস বাংলার।