পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিগত ৬ বছরে ঘূর্ণিঝড় আইলা ও বিজলী, মহাসেন ও কোমেনের আঘাতে উপকূলীয় এলাকার প্রায় ২ হাজার ৬শ’ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, এ পর্যন্ত ২ হাজার ১৫০ কিলোমিটার বেড়িবাঁধ মেরামত সম্পন্ন হয়েছে। এর মধ্যে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত ‘বাপাউবো’র অবকাঠামোসমূহ পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩৭৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামোসমূহ পুনর্বাসনের কাজ গত জুন মাসে শেষ হয়েছে।
মন্ত্রী বলেন, এছাড়া উপকূলীয় অঞ্চলে ৭০৩ কোটি ১০ লাখ টাকা ব্যয় বরাদ্দে ‘ইমারজেন্সি ২০০৭ সাইক্লোন রিকোভারী এন্ড রেস্টোরেশন প্রজেক্ট (ইসিআরআরপি)’-এর আওতায় অবকাঠামো পুনর্বাসন ও নির্মাণের কাজ চলমান রয়েছে। এর আওতায় ঘূর্ণিঝড় সিডর ও আইলাতে ক্ষতিগ্রস্ত ২৯টি পোল্ডারের ৫১৪ কিলোমিটার বাঁধ পুনঃনির্মাণ ও মেরামত কাজ অন্তর্ভুক্ত রয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত ২৬২ দশমিক ৬৪ কিলোমিটার বাঁধ মেরামত সম্পন্ন হয়েছে।
