শেয়ার কেলেঙ্কারি মামলায় ৩ জনের জামিন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৫৫
 
১৯৯৬ সালের শেয়ারবাজার ধসের সময় শেয়ার প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেলেন তিন আসামি প্রিমিয়াম সিকিউরিটিজের চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এবং পরিচালক অনু জাহাঙ্গীর।
 
মঙ্গলবার পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন।
 
শুনানি শেষে আগামী ১৩ সেপ্টেম্বর রায়ের দিন পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনালের বিচারপতি হুমায়ন কবীর।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ খান রানা এ প্রসঙ্গে বলেন, প্রিমিয়াম সিকিউরিটিজ লিমিটেডের মামলার ৩ আসামি ট্রাইবুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে আগামী ১৩  সেপ্টেম্বর মামলাটির রায়ের দিন আসামিদেরকে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে।
 
মামলা সূত্রে জানা গেছে—প্রিমিয়াম সিকিউরিটিজের নামে আসামিরা ১৯৯৬ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন করেছেন। তাদের এ প্রতারণামূলক লেনদেনের ফলে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হয়েছেন।