নদী দূষণ রোধে নতুন আইন হচ্ছে : নৌমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ২১:৪৭


নদী দূষণ রোধে বিদ্যমান আইনের শিথিলতা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানালেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের নূরজাহান বেগমের ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা দূষণের জন্য শিল্প ও ট্যানারি মালিকরা অনেকাংশেই দায়ী। ট্যানারি ও বিভিন্ন শিল্প বর্জ্য নদীতে মিশে নদীকে দূষিত করছে। তাই সরকার সাভারে এই ট্যানারি শিল্প স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে আড়াইশ’ প্লট শিল্পমালিকদের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু সেখানে ইটিপি স্থাপনে অবহেলা এবং মালিকদের গড়িমসির কারণে এখনও ট্যানারি স্থানান্তর সম্ভব হয়নি।

তিনি বলেন, সরকার আশা করছে আগামী বছরের শেষনাগাদ সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর সম্ভব হবে।

শাজাহান খান বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার চারদিকের নদীগুলো দূষণমুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নদী পাড়ের জনগণকে সচেতন করার লক্ষ্যে মানববন্ধন, পোস্টারিং, লিফলেট বিতরণ, অবহিতকরণ সভা, নাটক মঞ্চায়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিগগিরই ঢাকার চারদিকের নদীগুলো দূষণমুক্ত করে পরিবেশ বান্ধব করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাসস।