মহাসড়কে পৃথক লেন ও ডিভাইডারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অটোরিকশা ও অটোটেম্পো মালিক সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এ দাবির কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মো. গোলাম ফারুক বলেন, ‘বিকল্প ব্যবস্থা ছাড়া অটোরিকশা ও অটো টেম্পো (থ্রি হুইলার) উচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।’
লিখিত বক্তব্যে গোলাম ফারুক বলেন, ‘আমরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সারা দেশে জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে খোলা চিঠি দিয়েছি। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের ২৫ থেকে ৩০ লাখ লোকের জীবিকা বন্ধ হয়ে যাবে। পরিবার-পরিজন নিয়ে অটোরিকশা মালিক শ্রমিকদের না খেয়ে থাকতে হবে। সরকার অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর আন্দোলনে যাবে সংগঠনটি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আবুল হোসাইন, মাহমুদ জামাল কাদেরি, নাজমুল হাসান, মাহবুব হোসেন, কাজী মোজাম্মেল হক।
