বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।
বুধবার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উত্তর, মধ্য, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব অঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলাসমূহের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। এই ধারা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অব্থায় বিরাজ করছে।
