ব্যাংককের সন্দেহভাজন ‘হামলাকারীকে বোমা সরবরাহ করেছে’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৫৩
 
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মন্দিরে বোমা হামলাকারীকে গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্যক্তি বোমা সরবরাহ করেছিলেন। বুধবার দেশটির পুলিশের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
 
থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সন্দেহভাজন ইউসুফু মিরালি ওই মন্দিরে হামলাকারীকে ব্যাগভর্তি বিস্ফোরক দেয়ার কথা স্বীকার করেছে।
গত ১৭ আগস্ট ব্যাংককের মন্দিরে বোমা হামলায় ২০ জন নিহত হন।
 
পুলিশ জানায়, বোমা হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা মিরালি স্বীকার করেছে।
 
ব্যাংকক রেলওয়ে স্টেশনের বাইরে জাতীয় পুলিশের মুখপাত্র প্রায়ুত থাভর্নসিরি সাংবাদিকদের বলেন, এটা সেই এলাকা যেখানে সে বিস্ফোরক ভর্তি ব্যাগ দিতে হলুদ শার্ট পরা এক ব্যক্তির সঙ্গে দেখা করেছিল। বুধবার তাকে ওই স্টেশন এলাকায় নেয়া হয়েছে। তার হাত বাঁধা ও বুকে বুলেটপ্রুফ পোশাক ছিল।
 
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ঐ ব্যক্তিকে মন্দিরে একই ব্যাগ রেখে যেতে দেখা গেছে। বিস্ফোরণের আগে সে ব্যাগ রেখে শান্তভাবে হেঁটে চলে যায়।
 
প্রায়ুত উল্লেখ করেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলের ছবি তুলতে মিরালিকে ঐ মন্দিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
 
পুলিশ মিরালি কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি। তবে তার পাসপোর্টে তার জন্মস্থানের নাম জিনজিয়াং উল্লেখ রয়েছে।