তথ্য মন্ত্রণালয়ের সকল অধিদপ্তর ও সংস্থাসহ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য শুদ্ধাচারের ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য সচিব মরতুজা আহমদ। বুধবার সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে ওরিয়েন্টেশন ওয়ার্ক শপ উদ্বোধনকালে সভাপতির বক্তৃতায় এ বিষয়ে জোর দেন তিনি।
জাতীয় শুদ্ধাচার কৌশল সহায়তা প্রকল্প এবং মন্ত্রিপরিষদ বিভাগের সহায়তায় তথ্য মন্ত্রণালয় এ কর্মশালা আয়োজন করে।
সচিব মরতুজা আহমদ বলেন, তথ্য মন্ত্রণালয়ের সকল অঙ্গ সংস্থাই ইতোমধ্যে সার্বিক সমতা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে। শুদ্ধাচার কৌশলের পূর্ণ প্রয়োগ এ ক্ষেত্রে একান্ত সহায়ক হবে। বিপুল গণমাধ্যম নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয়। সাংবাদিকদের নিরাপদ কর্মকৌশলসহ তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখতে শুদ্ধাচার কৌশলের কোন বিকল্প নেই।
উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম এবং শুদ্ধাচার সহায়তা প্রকল্পের পরামর্শক শফিউল আলম।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবদুল মান্নান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বেগম কামরুন্নাহার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ প্রমূখসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, অধীন সংস্থাসমূহের প্রধানগণের সাথে একজন করে কর্মকর্তা এ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।
