কোলকাতার ইডেন গার্ডেনে 'ত্রিবংঙ্গীয় মৈত্রী আন্তর্জাতিক টি-২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫' চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। 'ভিজুয়াল ইম্পিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল' আয়োজিত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় এই বছর ১২ ও ১৩ জুন।
বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের এই দারুণ সাফল্যের জন্য আজ বুধবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদ মনিস্টার হোস্টেলের আইপিডি কনফারেন্স হলে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) এর নির্বাহী প্রধান সৈয়দ কামরুল ইসলাম, বিবিসিসি’র চেয়ারম্যান এম হারুনুর রশিদ বাবু, দলের টিম ম্যানেজার মো. তাইজউদ্দিন, দলীয় কোচ সানোয়ার আহমেদ ও অধিনায়ক মো. হাফিজুর রহমান বুলেট। এ ছাড়া জাতীয় সংসদ ও ব্লাইন্ড ক্রিকেট দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, এটি খুবই খুশির বিষয় যে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশের নাম উজ্জল করেছে। আশা করি তারা ভবিষ্যতে আরো আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। আমি ব্লাইন্ড ক্রিকেট দলের আরো সাফল্য কামনা করছি। সেই সঙ্গে তাদের উন্নতি ও প্রসারের জন্য আমি সাধ্যমত সহযোগিতা করবো।
