প্রতিবন্ধীদের গল্প নিয়ে 'পুত্র'

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ২২:০৭

প্রতিবন্ধীদের গল্প নিয়ে দেশে প্রথম নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘পুত্র’। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় চলচ্চিত্রটির সার্বিক তত্ত্বাবধানে থাকবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। হারুন রশীদের কাহিনি ও সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করবেন সাইফুল ইসলাম মাননু।

 
এ উপলক্ষে গতকাল বিকেল ৫টায় চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় এক মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (ফিল্ম) শিবপদ মণ্ডল। এ চলচ্চিত্রে প্রতিবন্ধী একটি ছেলের মূল চরিত্রে অভিনয় করবে একজন নবাগত শিশুশিল্পী লাজিম।