টহল, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধী ধরতে অভিযানের জন্য পুলিশের সবচেয়ে ভালো গাড়ি থাকার কথা। আর কর্মকর্তারা চড়বেন অপেক্ষাকৃত খারাপ গাড়িতে। সারাবিশ্বে এটাই স্বীকৃত। কিন্তু বাংলাদেশের চিত্র এর পুরোটাই উল্টো। এখানে কর্মকর্তারা চড়েন দামি গাড়িতে, আর টহল ও অভিযানের জন্য পুলিশ ব্যবহার করে লক্কড় ঝক্কর গাড়ি। যা হরহামেশাই পথের মধ্যে বন্ধ হয়ে যায়। পুলিশের রেকার এসে টেনে নিয়ে যায় সড়কে বন্ধ হওয়া ওই গাড়ি।
এমনও হয়, পুলিশের গাড়ি পৌঁছার আগেই পালিয়ে যাচ্ছে অপরাধী। আবার অনেক থানায় টহলের জন্য কোন গাড়িই নেই। রিক্যুইজিশন করা গাড়িই ভরসা। মফস্বল এলাকার থানাগুলোর চিত্র আরো ভয়াবহ। অনেক জায়গায় সাইকেল ব্যবহার করে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, থানা পুলিশের কাজে ব্যবহার করা হচ্ছে ৫০ থেকে ৬০ বছরের পুরনো গাড়িও। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গাড়িও ব্যবহার করছে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ইত্তেফাককে বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর থানাগুলোর দিকে বিশেষ নজর দিয়েছি। নতুন করে গাড়ি আসলেই মফস্বলের থানায় পাঠানো হচ্ছে। পাশাপাশি পুলিশের অনেক গাড়ি বাইরের লোকজন ব্যবহার করে। সেগুলো ফিরিয়ে এনে থানায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহারের জন্য দেয়া হবে।’ কর্মকর্তারা দামি গাড়িতে চড়েন আর অভিযানের জন্য লক্কড় ঝক্কর গাড়ি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের সংস্কৃতি যেমন সেভাবেই চলছে। আসলে অভিযান বা আইন-শৃঙ্খলা কাজে ব্যবহারের জন্য সবচেয়ে ভালো গাড়ি থাকা উচিত্। কিন্তু সবকিছু তো উল্টে ফেলা সম্ভব নয়।’
ঢাকা মেট্রো-অ-১১-০৪৬২ নম্বরটি একটি পুরানো ট্রাকের। যা ব্যবহার করা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনে রিজার্ভ ফোর্সের জন্য। যে কোন ঘটনায় অতিরিক্ত পুলিশের প্রয়োজন হলে রিজার্ভ বিভাগ থেকে পুলিশ আনা নেয়ার জন্য এটি ব্যবহার করা হয়। ট্রাকটির বডি ভাঙাচোরা। এর যন্ত্রপাতি এতবার পরিবর্তন করা হয়েছে যে, মূল গাড়ির শুধু চেচিস রয়েছে। শুধু এই গাড়িটিই নয় পুলিশের ব্যবহূত অর্ধেক গাড়িই ৩০ বছরের পুরাতন। রাজধানীর বিভিন্ন থানা এলাকা ও রাজারবাগ পুলিশ লাইন সরজমিনে ঘুরে পুলিশের এসব বাতিল মডেল ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চোখে পড়েছে।
পুলিশ সদর দফতরের পরিবহন শাখার সূত্রে জানা গেছে, সারাদেশে পুলিশের গাড়ি রয়েছে ৫ হাজারের মতো। এর মধ্যে জিপ, পিকআপ ভ্যান, বাস, ট্রাক ও কার এই ৫ ক্যাটাগরির গাড়ির মধ্যে শুধু জিপের অবস্থা ভালো। পুলিশ ফোর্স আনা-নেয়ার কাজে ট্রাক আছে ৫শ’টির মতো। যার অধিকাংশই পুরানো। এর মধ্যে অর্ধেক গাড়ি ২৫ বছর আগের। খুলনা পুলিশ লাইনে এরকম একটি ট্রাক রয়েছে, যা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈনিক আনা নেয়ার কাজে ব্যবহার করা হয়েছে। ওই ট্রাকটি এখনও খুলনা পুলিশ লাইনে পুলিশ সদস্য আনা নেয়ায় ব্যবহার করা হয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, সারাদেশে পুলিশের যানবাহনে ব্যাপক সংকট রয়েছে। এ কারণে মেয়াদোত্তীর্ণ ও ভাঙাচোরা গাড়ি পুলিশকে ব্যবহার করতে হয়। ফলে কাজে বিঘ্ন ঘটছে।
পুলিশের হাইওয়ে বিভাগের যানবাহনের অবস্থা খুবই করুণ। হাইওয়েগুলো যেখানে দ্রুত গতির যান চলে সেখানে হাইওয়ে পুলিশকে ব্যবহার করতে হয় সেকেলে গাড়ি। হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, হাইওয়ে সড়কে নিরাপত্তার জন্য পুলিশের পিকআপ ভ্যান খুবই জরুরি। বর্তমানে হাইওয়েতে সাড়ে ৪শ’ পিকআপ ভ্যান ব্যবহার করা হচ্ছে।
