সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আগামীকালও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখবেন বলে ঘোষনা দিয়েছে।
গতকাল বুধবার রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে কাকন বিশ্বাস নামে ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য গতকাল বুধবার সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে সমবেত হয়ে রামপুরার আফতাবনগর ঢোকার মুখ অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর পুলিশের ছোড়া গুলিতে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে শিক্ষার্থীরা দাবি করেন। তবে গুলি ছোড়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত রাজধানীর ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হয়েছে। এতে ছয় শিক্ষার্থী গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছেন। বুধবার দুপুরে রামপুরার আফতাবনগরে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মারুফ রহমান সাংবাদিকদের বলেন, ‘পুলিশের ছররা গুলিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার মাহফিকুর রহমানসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।’ তিনি জানান, গুলিবিদ্ধ শিক্ষার্থী মুন্নি, রাশেদ, শামীম, সানি, ইয়াসিরসহ আহত ৩০ শিক্ষার্থীকে ফরাজি হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘শান্তিপূর্ণভাবে অবস্থান নিলে পুলিশ হঠাত্ করে লাঠিপেটা ও গুলিবর্ষণ করে।’
তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশের গুলশান বিভাগের ডিসি মোশতাক আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন তৈরি করে। এ কারণে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে, কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।’
উল্টো অভিযোগ করেছেন বাড্ডা থানার ওসি এম এ জলিল। তিনি জানান, শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ কিছু ফাঁকা রাবার বুলেট ছুড়েছিল।
ফরাজি হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সকরা জানান, ১৮/২০ জন শিক্ষার্থী শরীরে ক্ষত নিয়ে তাদের হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
