বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই বাংলার মঞ্চকর্মীদের মিলনমেলা ‘গঙ্গা-যমুনা নাট্যোত্সব’। উত্সবের অন্যতম আকর্ষণের মধ্যে রয়েছে দেশের গুণী নাট্যব্যক্তিত্ব ফেরদৌসি মজুমদার। আজ সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে আব্দুল্লাহ আল মামুন রচিত একক অভিনীত নাটক ‘কোকিলারা’। নাটকটিতে অভিনয় করবেন ফেরদৌসি মজুমদার।
গ্রামের সহজ-সরল একলা নারী কোকিলা। পা দেন ভালোবাসার ফাঁদে। নানা প্রতিকূলতা ও উল্টো স্রোতে তার জীবন সংগ্রাম। চোর সাব্যস্ত হয়ে জেলে যান। এক পর্যায়ে জীবনে নেমে আসে চরম মর্মান্তিক পরিণতি। এমন গল্প নিয়েই নাটকটি লিখেছেন নাট্যকার আব্দুল্লাহ আল মামুন। ‘কোকিলারা’ প্রথম মঞ্চস্থ হয় ১৯৮৯ সালের ১৯ জানুয়ারি। এ প্রসঙ্গে ফেরদৌসি মজুমদার বলেন ‘কোকিলারা’র স্ক্রিপ্টটা যখন হাতে পেয়েছিলাম ওই সময় চোখে আর কিছু দেখিনি। সব সময় চোখের সামনে ছিল স্ক্রিপ্টটা। রান্নার জন্য লাউ কাটছি আর পাশে মাটিতে স্ক্রিপ্ট রেখে পড়ছি। মুখস্থ করার জন্য সারাক্ষণ বিড়বিড় করতাম। সেই দিনগুলোর কথা ভাবলে অবিশ্বাস্য মনে হয়।’
