অ্যাশেজের পরে ব্র্যাড হাডিন এমনিতেই বিদায় নিতেন। কিন্তু কন্যার অসুস্থতা তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে তিনটি টেস্ট কমিয়ে ফেলেছে। তবে ৩৭ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই উইকেট রক্ষকের কাছে তার পরিবারই সব কিছুর আগে।
অ্যাশেজের প্রথম দুটি টেস্ট খেলার পরে হাডিন দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন, কারণ তার কন্যা মিয়া আবারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। হাডিনের কন্যা ১৭ মাস বয়সে বিরল এক ক্যান্সারে আক্রান্ত হয়েছিলো এবং সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে পরিবারের কাছে ছুটে গিয়েছিলেন। অবসর ঘোষণা করার কারণে তার বিন্দুমাত্র অনুশোচনা নেই এই কথা উল্লেখ করে হাডিন বলেন, আমি অন্য আর দশটা অস্ট্রেলিয়ান বাবার থেকে ভিন্ন নই। সবাই তার পরিবারকে সবার আগে স্থান দেয় এবং এটি করায় আমার কোনো অনুশোচনা নেই।
দ্বিতীয় টেস্টের পরে কন্যা অসুস্থ হয়ে লন্ডনে হাসপাতালে ভর্তি হওয়ার পরে হাডিনের ক্রিকেটে আর মনোযোগ ছিলো না। আমার মনে আছে, (দ্বিতীয় টেস্টের পরে) কারিনাকে (স্ত্রী) বলছিলাম যে আর খেলবো না। সে বলেছিলো ক্রিকেট বড় একটি জায়গা আর আমি ক্রিকেট ছেড়ে দিলে একটা ঝুকিপূর্ণ অবস্থায় পড়ে যাবো। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমার পরিবারের কাছে থাকাটা গুরুত্বপুর্ণ ছিল এবং অস্ট্রেলিয়ার হয়ে খেললে শতভাগ মনোযোগ দিতে পারতাম না। ক্রিকইনফো
