ইন্দো-পাক সিরিজের পক্ষে রিচার্ডসন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১১:৩৯

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান সির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, ইন্দো-পাক সিরিজের পুনঃপ্রতিষ্ঠা পুরো বিশ্বেই টেস্ট ক্রিকেটের ভাবমূর্তিকেই আরো বাড়িয়ে দিতে সহায়ক হবে।


ইন্দো-পাক সিরিজকে ‘সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা’ হিসেবে অভিহিত করে রিচার্ডসন আরো বলেন, উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বি দুই দেশের মধ্যে একটি আইকনিক সিরিজ ক্রিকেটের প্রচারণা আরো অনেক বেশি বাড়িয়ে দেবে। স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।


পাকিস্তানের কলঙ্কিত তিন খেলোয়াড় মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ এবং সালমান বাট সম্পর্কে রিচার্ডসন বলেন, এই তিন খেলোয়াড়কে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য ট্রাইব্যুনাল মুক্ত ঘোষণা করেছে।


এই তিন খেলোয়াড় তাদের হারানো গৌরব এবং খেলাটির প্রতি তাদের সততা পুনঃপ্রতিষ্ঠার সাহায্যার্থে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছ থেকে পূর্ণ সহায়তা পাবে বলেও উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাসস